প্রকাশিত: Sat, Feb 10, 2024 11:23 PM
আপডেট: Fri, Mar 13, 2026 10:44 AM

[১] ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বাসায় প্রীতি’র মৃত্যুতে চা-শ্রমিকদের সুষ্ঠু তদন্তের দাবি

স্বপন দেব, মৌলভীবাজার: [২] চা-শ্রমিকেরা বাংলাদেশের সর্বাধিক অবহেলিত, নিপীড়িত এবং বঞ্চিত জনগোষ্ঠী। চা-শ্রমিকের শিশু সন্তানরা তাই প্রায়ই কঠিন এবং অনিরাপদ পরিবেশে শৈশবেই অর্থ উপার্জনে বাধ্য হয়। এমতাবস্থায় চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি মনে করে প্রীতি উরাং এর মৃত্যু কখনোই দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হতে পারে না। এই ঘটনায়  গৃহকর্তার অবজ্ঞা এবং দুরভিসন্ধিমূলক কর্মকান্ডের স্পষ্ট লক্ষণ  দৃশ্যমান। 

[৩]চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উপদেষ্টা আব্দুল্লাহ আল কাফি রতন, সমন্বয়ক এস এম শুভ এবং আহবায়ক সবুজ তাঁতী এক  যৌথ বিবৃবিতে বলেন, অবিলম্বে প্রীতির রহস্যজনক  মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্তকালীন সময়ে প্রীতির পরিবার যাতে প্রভাবশালী  গোষ্ঠীর চাপের মুখে না পরে  সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রীতির পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

[৪]চা-শ্রমিকের সন্তান প্রীতি উরাং গত ৬  ফেব্রুয়ারি সকাল আটটার দিকে ঢাকার  মোহাম্মদপুরে শাহজাহান  রোডের একটি বহুতল ভবন  থেকে পড়ে নিহত হয়েছে।  সে ভবনটির নয়তলা  থেকে পাশের  দোতলা টিনশেডের ওপর পড়ে। 

[৫]প্রীতি ঐ ভবনের নয় তলায়  ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করত। ঘটনার পর আশফাকুল হক এবং তার স্ত্রী তানিয়া খন্দকারসহ ছয় জনকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে হক এবং খন্দকারকে আসামি করে মামলা করেন প্রীতি উরাংয়ের বাবা  লোকেশ উরাং।

 [৬]মিরতিংগা চা-বাগানের  লোকেশ ওরাং এবং নমিতা ওরাং এর দুই  ছেলে, দুই  মেয়ে। প্রীতি সবার  ছোট। বড়  ছেলে আগেই অসুখে মারা যান।  ছোট  মেয়েটার রহস্যজনক মৃত্যুতে মা-বাবা দিশেহারা। পরিবারের অভাব অনটনের কারণে  ছোট  মেয়েকে ঢাকার  মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে পাঠিয়েছিলেন। সম্পাদনা : কামরুজ্জামান